আফগানিস্তানের ৫০ জেলা তালেবানদের দখলে, শঙ্কিত জাতিসংঘ

taleban

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগে গত মে মাস থেকে আফগানিস্তানের মোট ৩৭০টি জেলার মধ্যে ৫০টিরও বেশি জেলা নিজেদের দখলে নিয়েছে তালেবানরা।

দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত দেবোরাহ লিয়ন্স মঙ্গলবার (২২ জুন) নিরাপত্তা পরিষদে এ কথা জানান।

লিয়ন্স বলেন, ‘কাছাকাছি সময়ে হোক বা দূর ভবিষ্যতে, সংঘর্ষ যতো বেশি বাড়বে, আরও অনেক বেশি দেশের জন্য সেটা নিরাপত্তাহীনতা সৃষ্টি করবে।’

যুক্তরাষ্ট্র ও ন্যাটো আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তাদের সকল সেনা আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি আফগানিস্তানের পরিস্থিতিকে ‘গতিশীল’ বলে বর্ণনা করেছেন। তালেবানের আধিপত্য বেড়ে যাওয়ার পরেও সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনেনি পেন্টাগন। তবে প্রত্যাহারের ‘গতি ও সুযোগ’ পরিবর্তনের পরিস্থিতি এখনও রয়েছে।

নিউ ইয়র্কে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে ডেবোরাহ বলেন, কট্টরপন্থী তালেবানের সাম্প্রতিক অগ্রযাত্রা একটি ‘চরম সামরিক অভিযানের’ ফলাফল।

তিনি বলেন, ‘যে জেলাগুলো তারা দখলে নিয়েছে সেগুলো বিভিন্ন প্রাদেশিক রাজধানীকে ঘিরে রয়েছে। এর মানে হলো যখন বিদেশি বাহিনী চলে যাবে তখনই রাজধানীগুলো দখলে নেওয়ার জন্য তালেবান তাদের অবস্থান তৈরি করছে।’

এদিকে তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত শির খান বন্দর দখল করে নিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন তালেবান। তালেবানের আক্রমণের মুখে আফগান বাহিনীর সদস্যরা শির খান বন্দর সংলগ্ন নিরাপত্তা চৌকি থেকে পালিয়েছে। এমনকি অনেকে সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে অবস্থান নিয়েছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: ,