বাকৃবিতে মানুষ ও গবাদিপশুতে যক্ষার জীবাণু বিস্তার সম্পর্কিত গবেষণা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে “Molecular Epidemiology of Mycobacterium bovis infection in Animals and Man in Bangladesh” শীর্ষক গবেষণা প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স হলে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (USDA) এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের সমাপনী কর্মশালাটির আয়োজন করে বাকৃবির ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগ ।

সকাল ১০.৩০ মিনিটে রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মশালাটি শুরু হয়। এসময় সূচনা বক্তব্য দেন প্রকল্পের উপ-পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলাম। এরপর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রকল্প পরিচালক প্রফেসর মোঃ মাহবুব আলম।

ড. মাহবুব আলম বলেন, প্রায় ২৩ শতাংশ গরুতে এবং ১২ শতাংশ মানুষে যক্ষা রোগের জীবাণু পাওয়া গিয়েছে। দেশীয় গরুর তুলনায় সংকর জাতীয় গরুতে ৩ গুণ এবং ৭ বছরের অধিক গরুতে যক্ষা রোগের ঝুঁকি ১৪ গুণ বেশি। সেই সাথে ধূমপায়ী মানুষের যক্ষা হবার সম্ভাবনা একজন অধূমপায়ী মানুষ হতে ৬ গুণ বেশি।

তিনি আরো বলেন, দেশে মানুষ থেকে গরুতে যক্ষা রোগের জীবাণু সংক্রমিত হবার প্রমাণ মিললেও গরু থেকে মানুষে সংক্রমণের কোনো প্রমাণ এখনো মিলেনি। তবে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর আশঙ্কা রয়েছে বলে জানান তিনি এবং এর জন্যে প্রয়োজন বিস্তর গবেষণা। এবিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দেন তিনি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য ড. লুৎফুল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ড. মাহবুব ও তার গবেষকদল যে গবেষণাটি করেছেন তা সরকার ও সংশ্লিষ্টদের একটি বার্তা দিবে যা দিয়ে এই রোগ নিয়ন্ত্রণ সহজ হবে।

মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিকল্পনা পরিচালক ড. ফেরদৌস জামান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সম্পাদক কবির আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) কাজী মনিরুল ইসলাম, বাউরেসের পরিচালক প্রফেসর ড. মো. আবু হাদী নূর আলী খান, ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন।

এছাড়া অন্যা্ন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষকসহ পোষ্টগ্রাজুয়েট লেভেলের অনেক গবেষক।

উল্লেখ্য, ইউ এস ডি এ (USDA) এর অর্থায়নে এই গবেষণা প্রকল্পটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজের একদল গবেষক যৌথভাবে ঢাকা, ময়মনসিংহ, সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলের মানুষ ও গরুর ওপর ৩ বছর ধরে পরিচালনা করেন।

  •  
  •  
  •  
  •