তাপমাত্রা ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস, কানাডায় ৭০ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় তীব্র তাপদাহে ৭০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ওই ৭০ জনের মৃত্যু হয়।
গত তিনদিন ধরে দেশটির তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হচ্ছে যা গেলো ৮৪ বছরের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার কানাডায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
পুলিশের তথ্য মতে, ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের ভ্যানকুভারের বার্নাবি ও সারে শহরতলীতেই বেশি মানুষ মারা গেছেন। এদের বেশির ভাগই বয়স্ক।
গত কয়েকদিন ধরে কানাডাসহ ইউরোপের অন্যান্য দেশে তাপদাহ শুরু হয়েছে। এতে করে প্রাণহানির পাশাপাশি সড়ক,অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ করা হয়েছে অনেক স্কুল ও করোনার টিকা কেন্দ্র। দেশটির লিটন গ্রামে এবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ঘরের বাইরে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪৫ ডিগ্রি সেলসিয়াস যা রেকর্ড করা হয়েছিল ১৯৩৭ সালে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অফিস বলছে, ১৯৪০ এর দশক থেকে আবহাওয়ার রেকর্ড সংরক্ষণ শুরু করার পর থেকে এবারই পোর্টল্যান্ড, ওরেগন, সিয়াটল ও ওয়াশিংটনে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে কানাডার পরিবেশ বিষয়ক দপ্তরের জলবায়ু বিশেষজ্ঞ ডেভিড ফিলিপস সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি রেকর্ড ভাঙা পছন্দ করি। কানাডার পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় এখন দুবাইয়ের চেয়েও বেশি গরম পড়ছে।”

