আগামীকাল থেকে ভ্যাক্সিন পাবেন বাকৃবি শিক্ষার্থীরা, যেভাবে যাবেন জেনে নিন বিস্তারিত
রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল থেকে ভ্যাক্সিন পাবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ.কে.এম জাকির হোসেন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চীফ মেডিকেল অফিসার ডাঃ দেবনাথ সবুজ বাংলাদেশ 24 ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ.কে.এম জাকির হোসেন বলেন, আগামীকাল থেকে বাকৃবি শিক্ষার্থীরা করোনা ভ্যাক্সিন নিতে পারবে। আজ যারা ভ্যাক্সিনের জন্য নিবন্ধন করেছে তারা রাত ১০ টার পরেই এসএমএস পাবেন। পরদিন সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে দুটি বাসের মাধ্যমে শিক্ষার্থীদের ভ্যাক্সিন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে এবং ভ্যাক্সিন কার্যক্রম শেষে তাদের ফেরত আনা হবে। শিক্ষার্থী সংখ্যা বেশি হলে বাসের সংখ্যা বাড়ানো হবে।
টিকা প্রদান প্রসঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চীফ মেডিকেল অফিসার ডাঃ দেবনাথ এর সংগে যোগাযোগ করলে তিনি সবুজ বাংলাদেশ 24 ডট কমকে জানান ”শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করলে পরবর্তীতে মেসেজ পেয়ে যাবে। আগামীকাল আমরা ১৫০ শিক্ষার্থীকে টিকাপ্রদান করতে পারব। তবে এর চেয়ে বেশী হলে পরের দিন থেকে নতুন একটি বুথ চালু করে বেশী সংখ্যক শিক্ষার্থীকে টিকা প্রদান করা যাবে। এছাড়া তিনি ময়মনসিংহে অবস্থিত শিক্ষার্থীদের এসকে হাসপাতাল অপশন না দিয়ে এমএমসি অপশন দেয়ার পরামর্শ দেন।”
এর আগে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনাভাইরাসের ভ্যাক্সিনের জন্য আবেদন করতে পারলেও বাকৃবি শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারেন নি। এ বিষয়ে সবুজ বাংলাদেশ 24 ডট কমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, টেকনিক্যাল ত্রুটির কারণে শিক্ষার্থীরা এ ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রুত এ সমস্যার সমাধানেও আশ্বাস দেন তিনি।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন এবং ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। সকলের প্রচেষ্টায় দ্রুত সমস্যা সমাধান হয়।

