রাবিতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল-সমাবেশ
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত দলীয় টেন্ট থেকে মিছিলটি বের করে তারা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব সঞ্চালনায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে দেশকে যখন কলঙ্কমুক্ত করা হচ্ছে তখন যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত অযৌক্তিক হরতাল দিয়ে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ছাত্রলীগ থাকতে বাস্তবায়িত হবে না। ছাত্রলীগের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, যুগ্ম সম্পাদক সাহানুর সাকিল, গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
উল্লেখ্য যে, আপিল বিভাগে ’৭১ এর যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির দ- বহাল রাখায় জামায়াত ইসলামী এ হরতালের ডাক দেয়।

