শিক্ষার্থীদের এনআইডি সমস্যা সমাধানে পাশে দাঁড়িয়েছে ঢাবি-জাবি
নিউজ ডেস্কঃ মহামারী করোনাভাইরাসের টিকা পেতে দরকার জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী (বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বর্ষ) এখনো এনআইডি পান নি। তাই সরকার ঘোষিত ভ্যাক্সিন কার্যক্রমের আওতায় আসতে পারছেন না তারা। এ সমস্যা সমাধানে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
জানা গেছে, শিক্ষার্থীদের করোনার টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। শুক্রবার (৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। সেই লক্ষ্যে এই ওয়েবসাইটের লিংকে গিয়ে বর্ণিত ধাপসমূহ সম্পন্ন করে শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত ফরমটি (ফরম-২) পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে হবে।
পিডিএফ ফরমটি প্রিন্ট করার পর প্রয়োজনীয় স্বাক্ষর ও সত্যায়িত করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদনপত্র উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।
এতে আরও বলা হয়, জাতীয় পরিচয়পত্র পাওয়ার পর নিয়মিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি ব্যবহার করে ভ্যাকসিনের জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে তাদের ভ্যাকসিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করবে।
এদিকে জাতীয় পরিচয়পত্র না থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা করোনার টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।
এনআইডি কার্ড থাকলেও টিকা নিবন্ধন করেনি এমন শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাদের ক্ষেত্রেও একই নির্দেশ দেয়া হয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় তাদের তালিকা করার পর এনআইডি বিহীন শিক্ষার্থীদের সাথেই টিকা পাবেন।

