শিয়া সম্প্রদায় অনুসারী হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে শিয়া সম্প্রদায় অনুসারী আব্দুর রাজ্জাক নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না সড়কের কৃষি অফিস পাড়ায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক কালীগঞ্জ উপজেলার গান্না সড়কের কৃষি অফিস পাড়ার মৃত হাশেম আলী খানের ছেলে।

প্রতিবেশী ও আত্মীয়স্বজন সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে কালীগঞ্জ পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ড এলাকার খোমেনি হোমিও হল নামক ওষুধের দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক। এসময় তার নিজ বাড়ি থেকে সামান্য দূরে গান্না সড়কের কৃষি অফিসের পাশে পৌছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র, ছোরা দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে কয়েকজন অপিরিচিত যুবক তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনা জানাজানি হলে শিয়া সম্প্রদায়ের লোকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। গত প্রায় ৮ বছর ধরে হোমিও চিকিৎসক শিয়া মতাবলম্বী অনুসরণ করে আসছিলেন বলে পরিবারের সদস্যরা জানায়।

স্ত্রী শাহনাজ পারভিন জানান, এক ছেলে মেহরাব ও এক কন্যা ইরানী, স্ত্রী শাহনাজ পারভিন নিয়ে আব্দুর রাজ্জাকের সংসার । হঠাৎ কেন এমন হত্যাকান্ড তা বলতে পারেনি পরিবার । হত্যাকান্ডের ঘটনায় অজ্ঞাত আসামী করে থানায় মামলা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হোমিও ডাক্তার আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা পুলিশ জানাতে পারেনি। নিহত হোমিও চিকিৎসক আব্দুর রহমান শিয়া সম্প্রদায় মতাবলম্বী ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে । মাদক ব্যবসায়ীদের আক্রমনের বিষয়টিও সামনে রেখে পুলিশ তদন্ত চালাচ্ছে।

প্রসঙ্গত এর আগে গত ৭ জানুয়ারী ঝিনাইদহের গান্না ইউনিয়নের বেলেখাল বাজারে ধর্মান্তরিত হোমিও চিকিৎসক সমির উদ্দিন খাজা কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার দায় শিকার করে আন্তর্জাতিক গনমাধ্যমে বিবৃতি দেয় সন্ত্রাসী জঙ্গী সংগঠন আইএস।

  •  
  •  
  •  
  •  

Tags: