আবারো ২ দিনের রিমান্ডে পরীমনি, বললেন “সব মামলাই মিথ্যা”
বিনোদন ডেস্কঃ আবারও পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের এই আদেশ দেন।
চারদিনের রিমান্ড শেষে এ দিন আদালতে হাজির করে চিত্রনায়িকা পরীমণিকে ফের ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন৷
আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় পরীমনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।’
উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বনানীর বাসায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যান র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়।
এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র্যাব। এ ঘটনায় পরের দিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র্যাব বাদী হয়ে একটি মামলা করেন।

