চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৯ ও ২০ তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষাগুলো হবে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত। এছাড়া ১২ অক্টোবর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এতে আরও বলা হয়, ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময়সূচি অনুযায়ী ‘বি’ ইউনিটের ১২ অক্টোবর থেকে, ‘সি’ ইউনিটের ১৪ অক্টোবর, ডি ইউনিটের ১৫ অক্টোবর, এ ইউনিটের ১৭ অক্টোবর, বি-১ ও ডি-১ ইউনিটের প্রবেশপত্র ২১ অক্টোবর থেকে ডাউনলোড করতে পারবে। প্রতিটি ইউনিটে নির্ধারিত সময়সূচি থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।

