আইসিসির মাস সেরা ক্রিকেটার সাকিব

স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ক্রিকেটের সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান ফিরে পাওয়া ও বোলার র‍্যাংকিংয়ে ১২তম স্থান ওঠে আসার পর পরই জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন সাকিব।

জুলাই মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের সাকিব, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ। বাকি দুইজনকে ছাপিয়ে এই পুরস্কার ছিনিয়ে নিলেন বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব। জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ১টি টেস্ট, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলায় এই পুরস্কার জেতেন তিনি।

জুলাই মাসে ৭ ম্যাচে সাকিব বল হাতে শিকার করেন ১৬টি উইকেট। আর ব্যাট থেকে আসে ১৮৫ রান। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দল যখন বিপর্যয়ের মুখে পড়েছিল তখন সাকিব ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এবং দলের জয় নিশ্চিত করেন। স্নায়ুচাপ সামলে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

সেরা ক্রিকেটার হওয়ায় উচ্ছ্বসিত সাকিব। তিনি বলেন, ‘আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া খুবই দারুণ ব্যাপার। এই মাসে অনেকেই অসাধারণ পারফরম্যান্স করেছে এবং এ কারণেই এটা আমার কাছে বিশেষ কিছু। আমি তৃপ্তি পাই, যখন দলের জয়ে অবদান রাখতে পারি এবং গত কয়েক সপ্তাহে আমি দলের জন্য অবদান রাখতে পেরে দারুণ আনন্দিত।’

  •  
  •  
  •  
  •  

Tags: , ,