জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ
নিউজ ডেস্কঃ ঢাকার চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর এ সংঘর্ষ শুরু হয়।
এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে টিয়ারশেল ছুড়তে দেখা যায় পুলিশকে। এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানে পূর্ব পাশে জমায়েত হতে থাকে। এরপর তারা উদ্যানের ভেতর প্রবেশ করতে চাইলে উপস্থিত পুলিশের সদস্যরা বাধা দেয়।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ আমাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালিয়েছে। আমরা ঘৃণা জানাই। অবিলম্বে এই অবৈধ সরকারের পদত্যাগ দাবি করেছি। ঢাকার বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচিতে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা না করে ঘরে ফিরব না।
ডিএমপির শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।

