ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে: মেয়র আতিক
নিউজ ডেস্ক:
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম বলে দাবি করেছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল (২০ আগস্ট) মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২১২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ডিএনসিসি এলাকার ডেঙ্গু রোগী রয়েছেন মাত্র ৪৬ জন। এটিকে শূন্যে কিংবা সহনীয় মাত্রায় নামিয়ে আনা হবে বলে জানান তিনি।
শনিবার (২১ আগস্ট) রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, সুস্থতার জন্য গড়ে উঠা সামাজিক আন্দোলনের প্রভাবেই ডিএনসিসি এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ডিএনসিসির আওতাভুক্ত এলাকার খালি প্লট কিংবা জায়গাগুলো যাতে মশার উৎপত্তিস্থলে পরিণত না হয় সেজন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সেসব প্লট কিংবা জায়গার মালিকদের চিঠি দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

