হাবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বৃহস্পতিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টায় হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর মো. মিজানুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ক্রমান্বয়ে পুস্পমাল্য অর্পণ করেন শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক ফোরাম, ডরমিটরিসমূহ, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, প্রগতিশীল কর্মচারী পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর মো. মিজানুর রহমান উপস্থিত সবাইকে নিয়ে কেক কাটেন।
দিবসের তাৎপর্যের উপর ভিত্তি করে সকাল ৯.৪০ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ডা. এস.এম হারুন-উর-রশীদের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, হল সুপার কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. নাজিমউদ্দিন, মেডিসিন সার্জারি এ্যান্ড অবস্ট্রেটিক্্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. ফজলুল হক, সমাজ বিজ্ঞান ও ভাষা বিভাগের প্রভাষক মো. সাইফুদ্দিন দরুদ, হাবিপ্রবি’র ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন ও মোস্তফা তারেক চৌধুরী, প্রগতিশীল কর্মচারী পরিষদের পক্ষে মো. পারভেজ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাইনউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. মিজানুর রহমান বলেন, আজ ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি, বাঙালির স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস। এই মহান নেতার নেতৃত্বে সুদীর্ঘ আন্দোলন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। নির্যাতিত ও অবহেলিত মানুষের মুক্তির অগ্রদূত হিসেবে বঙ্গবন্ধু শুধু দেশে নয়, সারা বিশ্বে ইতিহাস হয়ে রয়েছেন। আমরা সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করি। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট একাত্তরের পরাজিতরা জাতির জনক বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বাধা দেয়ার চেষ্টা করলেও তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে চলছে।
এরপর শিশুদের আবৃত্তি প্রতিযেগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. মিজানুর রহমান। আলোচনাসভা শেষে ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারী এবং হাবিপ্রবি স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

