হঠাৎ সুর পাল্টালেন রশিদ খান! বললেন, “তালেবান ক্রিকেট ভালোবাসে”
আন্তর্জাতিক ডেস্কঃ তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই দেশটির ক্রিকেট তারকা রশিদ খানকে দেখা গেছে চিন্তিত। পরিবার ও স্বজনদের নিয়েও তাকে দেখা গেছে উৎকণ্ঠিত। সোশ্যাল মিডিয়ায় আকুতিও জানিয়েছিলেন তিনি। তবে অল্প কয়েকদিনেই তালেবানের ব্যাপারে তার মতও বদলে ফেলেছেন তিনি।
ক্রিকেটের নতুন সংস্করণ দ্য হান্ড্রেড খেলতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। তালেবান কর্তৃক আফগান দখলের প্রায় পুরোটা সময়জুরে তিনি সেখানেই আছেন। তবে তার পরিবার আফগানিস্তানেই রয়েছে।
অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ খান বলেন, তালেবান ক্রিকেট পছন্দ করে। তারা সবসময় ক্রিকেটারদের পাশে থাকে। দেশের মানুষরাও খেলাটিকে ভালোবাসেন। তাই ক্রিকেটের ওপর খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না বলেই বিশ্বাস করি।
সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকারে তালেবান নেতারা জানিয়েছেন, তারাই আফগানিস্তানের মাটিতে ক্রিকেট এনেছেন। তাই এটা নিয়ে গোষ্ঠীটির কোনো সমস্যা নেই, বরং খেলাটির মান সমুন্নত রাখা হবে।
এরপরই স্বস্তি পেয়েছেন রশিদ খান। তিনি বলেন, আশা করছি তালেবান তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।

