বাংলাদেশে বিরল প্রজাতির হলুদ রঙের কচ্ছপ উদ্ধার

নিউজ ডেস্কঃ ফরিদপুরে হলুদ রঙের বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার অম্বিকাপুরের বিশ্বাস ডাংগী এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বন্যার পানিতে মাছ ধরতে যান অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামের এক যুবক। তার জালে এ কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের জলাধারে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বলেন, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। এটি হলুদ রঙের। কচ্ছপটির ওজন আনুমানিক দেড় কেজি ও ব্যাসার্ধ ৮ ইঞ্চির মতো।

ওই কচ্ছপটির খবর খুলনার বন্যপ্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তাকে জানানো হয়েছে। তার পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

বাগেরহাটে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর হাওলাদার বলেন, এটি সুন্ধী জাতীয় কচ্ছপ হয়ে থাকতে পারে। তবে সুন্ধি জাতীয় কচ্ছপ মেটে ও ধুসর রঙের হয়। এটির ক্ষেত্রে জিনগত পরিবর্তন কিংবা অন্য কারণে হলুদ রং হয়ে থাকতে পারে।

  •  
  •  
  •  
  •  

Tags: