মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়, সিআইডির এএসপিসহ আটক ৪
নিউজ ডেস্কঃ দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপিসহ ৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর সিআইডির এএসপি শাহরিয়ার কবীর সোহাগ, উপপরিদর্শক হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ও মাইক্রোবাস চালক।
এ বিষয়ে রংপুর সিআইডির এসপি আতাউর রহমান বলেন, ‘তারা আমার অনুমতি না দিয়ে সেখানে (চিরিরবন্দর) অভিযানে গেছেন। একটু আগে তাদের আটকের বিষয়টি শুনেছি। তারা কেন সেখানে গেলেন, কাকে অপহরণ করলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
অপহৃতদের পরিবারের সদস্যরা জানান, গত ২৩শে আগস্ট রাতে চিরিরবন্দরের নান্দাই গ্রামের লুৎফুর রহমানের স্ত্রী জহুরা বেগম ও তার ছেলে জাহাঙ্গীরকে অপহরণ করা হয়। এরপর স্বজনদের কাছে মা-ছেলের মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে ৮ লাখ টাকায় মা-ছেলেকে মুক্তি দিতে রাজি হয় তারা।
মঙ্গলবার বিকেলে টাকা দেয়ার জন্য দিনাজপুর সদরের বাঁশেরহাট এলাকায় যেতে বলে অপহরণকারীরা। বিষয়টি জানানো হলে, ঘটনাস্থলে যায় পুলিশ। টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর সময় যানজটে আটকা পড়লে স্থানীয় জনতা ও পুলিশ সদস্যরা তাদের আটক করে।

