প্রকট হচ্ছে আফগান সংকট, কাবুলে হামলায় নিহত বেড়ে ৯০

আন্তর্জাতিক ডেস্কঃ কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সৈন্য রয়েছেন, আছেন তালেবানেরও ২৮ সদস্য।

তাই ১৫ আগস্ট অনেকটা রক্তপাতহীন লড়াইয়ের মধ্য দিয়ে তালেবান ক্ষমতা গ্রহণ করলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তালেবান ক্ষমতা দখলের পর তারা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার পরপরই এমন হামলার ঘটনা ঘটল।

তালেবানের আগ্রাসনের মুখে গত ১৫ আগস্ট আফগানিস্তানে পশ্চিমাসমর্থিত সরকারের পতন ঘটে। তারপর থেকেই কাবুল চালাচ্ছে তালেবান। যদিও তারা সবার জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে, তবে তালেবান ক্ষমতাগ্রহণের পর থেকে আফগানিস্তান ত্যাগের হিড়িক পড়ে গেছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ কাবুলে বিশেষ প্লেন পাঠিয়ে তাদের নাগরিকদের ফেরত নিয়েছে। কেবল যুক্তরাষ্ট্রই ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত লক্ষাধিক মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে। কাবুল বিমানবন্দরে এই কার্যক্রমই চলছে এখনো।

তালেবান ক্ষমতা দখলের পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা দেশে। রাজধানী কাবুলেও অনেকটা সুনসান নীরবতা। এর মাঝে বোমা হামলার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন আফগানরা।

আফগান নাগরিকরা বলছেন, সামনের দিনগুলোতে কী হবে, ভবিষ্যৎই বা কোন দিকে যাচ্ছে তার কিছুই ঠাহর করতে পারছেন না তারা। অনেকে অনুতাপের সুরে বলছেন, আফগানিস্তানের পরিস্থিতি কি কখনোই শান্তিপূর্ণ হবে না?

  •  
  •  
  •  
  •  

Tags: , , ,