জয়পুরহাট ও টাঙ্গাইলের বিচারককে তালেবান পরিচয়ে চিঠি দিয়ে হুমকি

নিউজ ডেস্কঃ জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলীকে তালেবান গোষ্ঠি নামে সংগঠনের পক্ষ থেকে হুমকি দিয়ে ডাকের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। চিঠিটির প্রেরকের জায়গায় জয়পুরহাট সদরের দুর্গাদহ ভাদশার আশরাফ আলী নামে এক ব্যক্তির নাম লেখা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় তালেবান পরিচয়ে চিঠি দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

চিঠিতে লেখা রয়েছে, রোস্তম আলী, প্রথমে রহিল আমাদের ছালাম। পরকথা: আমরা তালেবান গোষ্ঠি। আফগানিস্তানের মত অতি শীঘ্রই বাংলাদেশ দখল হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, জামাত-শিবির এদের আমরা পছন্দ করিনা। তালেবানরা অন্যায়ের পক্ষে নয়, ন্যায়ের পক্ষে বাংলাদেশ চলবে। তালেবানের অধীনে বিচার আচার হবে কোরান-সুন্না অনুযায়ী। প্রতিটি গ্রামের বিচার গ্রামেই হবে এজন্য সরদার নিয়োগ হবে। বাদী-বিবাদীকে ডাকিয়া মামলা আপোষ করার ব্যবস্থা করিবেন। কথায়-কথায় মেয়েরা মামলা করে এদের প্রশ্রয় দিবেন না। তালেবান রাষ্ট্র নেওয়ার পর নারী অধিকার খর্ব করা হবে। বেপরোয়াভাবে নারীরা চলতে পারবেনা।

এদিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, জঙ্গি সংগঠনের নামে গতকাল ডাকযোগে বিচারক খালেদা ইয়াসমিনকে হুমকির চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, আপনি নারী ও শিশু কোর্টে আসার পর থেকে এ পর্যন্ত অনেকগুলো বড় ধরনের মামলার রায় দিয়েছেন। তাতে আমাদের লোকজনদের বড় ধরনের ক্ষতি হয়েছে। তাই যদি জীবনের মায়া থাকে তবে টাঙ্গাইল থেকে বদলি হয়ে চলে যান। যদি কথা না শোনেন তাহলে আমরা আপনাকে হত্যা করতে বাধ্য হবো।

  •  
  •  
  •  
  •