শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বাকৃবিতে অনলাইনে এম.এস. কোর্সে ভর্তি

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অক্টোবর ২০২১-মার্চ ২০২২ সেমিস্টারে এম.এস. কোর্সে ছাত্রছাত্রী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভাইস চ্যান্সেলর এর আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও ভর্তির ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ।

তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে স্নাতকোত্তর শ্রেণীতে আবেদন করার জন্য প্রার্থীকে সশরীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ব্যাংক হতে আবেদন ফরম কিনে তা পূরণ করার পর মেডিকেল অফিসার, হল প্রভোস্ট, প্রোক্টর ও গবেষণা-সুপারভাইজারের স্বাক্ষর গ্রহণ করে পছন্দনীয় বিভাগে জমা দিতে হয়। এতে আবেদনকারীর কয়েকদিন পর্যন্ত সময় লেগে যায়।

তিনি আরও বলেন, যদি স্বাক্ষর প্রদানকারীদের কোন একজন কোন কারণে ক্যাম্পাসে অনুপস্থিত থাকেন তবে ভোগান্তির শেষ থাকে না। এরপরও আবেদনকারী নিশ্চিত হতে পারে না যে সে কাঙ্ক্ষিত বিভাগে ভর্তি হতে পারবে কি-না। কেননা প্রতিটি বিভাগেই আবেদনের তারিখ শেষ হওয়ার পর বোর্ড-অব-স্টাডিজের সভা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেয় যে কাদের ভর্তির জন্য সুপারিশ করা হবে। বাদ পরা আবেদনকারীদের তখন আবেদন ফরম উঠিয়ে নিয়ে তারাহুড়ো করে ২য় পছন্দের বিভাগে জমা দিতে হয়। সেখানেও যদি বাদ পরে, তবে ৩য় পছন্দের বিভাগে যাবার জন্য পরবর্তী সেমিস্টারের অপেক্ষায় বসে থাকতে হয়। এ কারণে দেখা যায় অনেক আবেদনকারী একই সাথে একাধিক আবেদন ফরম কিনে বিভিন্ন বিভাগে জমা দেন।

এসব ভোগান্তি কমাতে আগামী ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তর শ্রেণীতে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করা হবে। এতে করে শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় থেকে ঘরে বসেই আবেদনের সকল কাজ সম্পন্ন করতে পারবেন। ফলে তাদের সময় ও অর্থ বেঁচে যাওয়াসহ করোনার ঝুঁকি এড়াতে পারবেন। একইসাথে একাধিক বিভাগে পছন্দক্রম উল্লেখ করে আবেদন করতে পারবেন। এছাড়া আবেদন ফরমে স্বাক্ষর প্রদানকারী ব্যক্তিবর্গ যেখানেই থাকুক না কেন, অনলাইনে লগইন করে ডিজিটাল স্বাক্ষরসহ মতামত প্রদান করতে পারবেন।

অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ আরও জানান, প্রতিটি বিভাগে ভর্তির আবেদনের যোগ্যতার জন্য স্নাতক শ্রেণীর সিজিপিএ বা জিপিএ-এর একটি নির্দিষ্ট সীমারেখা থাকে, অনলাইন পদ্ধতিতে আবেদন করার সময়ে উক্ত সীমারেখার মধ্যে সিজিপিএ বা জিপিএ না থাকলে আবেদন গৃহীত হবে না।

অনলাইনে ভর্তির বিষয়ে বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের অনেকে এখন ক্যাম্পাসে অনুপস্থিত এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যারা এম.এস. কোর্সে ভর্তি হতে চায় তাদের জন্য বাকৃবিতে এসে ভর্তি হওয়া কষ্টসাধ্য ব্যাপার। তাই শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবার অফলাইনের পাশাপাশি অনলাইনে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য এম.এস. কোর্সে অনলাইনে ভর্তির ক্ষেত্রে আবেদন ফরমে আবেদনকারীর শিক্ষাগত ও ব্যাক্তিগত অনেক তথ্য উল্লেখ করতে হয়।অথচ বাকৃবি হতে স্নাতক ডিগ্রিগ্রহনকারীদের ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক পর্যায়ে ব্যবহৃত আইডি-টি অনলাইন ফরমে লিখলেই প্রয়োজনীয় তথ্যসমূহ ডাটাবেজ হতে ফরমে চলে আসবে। এতে আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত হবে।

অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হলে এই লিংকে গিয়ে আবেদন করা যাবেঃ https://www.bau.edu.bd/pages/ms_admission_form

  •  
  •  
  •  
  •  

Tags: