অবশেষে জামিন পেলেন পরীমণি

Pori_moni

বিনোদন ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, জামিন পাওয়া একটা অধিকার। তবে আমরা জামিনের বিরোধিতা করেছি। আদালত যেটা ভাল মনে করেছেন সেটাই আদেশ দিয়েছেন। এতে আমাদের কিছু করার নাই।

আপাতত পরীমণির মুক্তিতে কোনো বাধা নেই উল্লেখ করে তার আইনজীবী মজিবুর রহমান বলেন, আমরা চেষ্টা করব যাতে আজকেই যেন তাকে জেলহাজত থেকে মুক্ত করা যায়। অভিযোগপত্র হওয়ার আগ পর্যন্ত পরীমণি জামিনে থাকতে পারবেন।

উল্লেখ্য গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

এরপর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট এবং ২১ আগস্ট থেকে আজ ৩১ আগস্ট সকাল পর্যন্ত পরীমণি গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন।

২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

  •  
  •  
  •  
  •  

Tags: