আফগানিস্তানে এবার কী ঘটবে? দাবার গুটি চালবে কারা?
আন্তর্জাতিক ডেস্কঃ ২০০১ সালের পর এই প্রথম একটি দিন দেখলেন আফগানিস্তানের নাগরিকরা, যেদিনে দেশটিতে একজনও আমেরিকান সৈন্য নেই। দুই দশকের যুদ্ধের অবসান ঘটিয়ে নিজ নাগরিক এবং ঝুঁকিতে থাকা হাজার হাজার আফগানকে সরিয়ে নেওয়ার পর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনী আফগানিস্তান ত্যাগ করেছে।
আফগানিস্তানের নতুন শাসক হিসাবে তালেবান নিজেদের সংহত করছে, এবং সেই সঙ্গে বাকি বিশ্বের অনেক দেশ নতুন এই বাস্তবতায় তাদের নিজেদের ভূমিকা এবং কৌশল নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছে।
কাবুলে ক্ষমতার পালাবদল যে দেশটিকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে সেটি হলো পাকিস্তান। আফগানিস্তানের সাথে পাকিস্তানের ২৪০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। পাকিস্তানে নিবন্ধিত আফগান শরণার্থীর সংখ্যা ১৪ লাখ। প্রকৃত সংখ্যা অনেক বেশি। ফলে আফগানিস্তানে যে কোনো অস্থিতিশীলতার প্রভাব সবচেয়ে বেশি পড়ে পাকিস্তানে। কিন্তু তালেবানের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কও পাকিস্তানের।
যদিও গত ২০ বছরে তালেবানের সঙ্গে পাকিস্তান রাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন সময়ে নানা টানাপোড়েন দেখা দিয়েছে, কিন্তু ব্রিটেনের গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউটের (রুসি) গবেষক উমের করিম বলেন, “পাকিস্তানের নীতি নির্ধারকদের মধ্যে সাধারণভাবে একটি বিশ্বাস কাজ করছে যে এবার তারা কিছু সাফল্য অর্জন করেছেন।” পাকিস্তানে যারা ভারতের সঙ্গে রেষারেষিকে পররাষ্ট্রনীতিতে খুব গুরুত্ব দেন তারা মনে করছেন, তালেবানের ক্ষমতা দখলে আফগানিস্তানে ভারতের প্রভাব কমবে।
আফগানিস্তানে ১৯৭৯ সাল থেকে ১৯৮৯ পর্যন্ত দশ বছর ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ এবং তাতে পরাজয়ের ইতিহাস রাশিয়া সহজে ভুলবে না। যদিও আফগানিস্তানে রাশিয়ার সরাসরি স্বার্থ এখন তেমন বেশি কিছু নয়, কিন্তু উত্তরের প্রতিবেশী দেশগুলোর ওপর আফগানিস্তানে যে কোনো অস্থিতিশীলতার সম্ভাব্য প্রভাব নিয়ে মস্কো চিন্তিত। সাবেক সোভিয়েত এসব দেশ – উজবেকিস্তান, তাজিকস্তান, তুর্কমেনিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখনও ঘনিষ্ঠ।
তবে রাশিয়ার ককেশাস অঞ্চলের জিহাদি গোষ্ঠীগুলোর আফগানিস্তানে আশ্রয়-প্রশ্রয় পাওয়া নিয়ে মস্কো সবচেয়ে বেশি চিন্তিত। বিশেষ করে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত এসব জিহাদি সংগঠনগুলো রাশিয়া এবং তালেবান উভয়ের জন্যই বিপজ্জনক। ফলে, রাশিয়া বেশ কিছুদিন ধরেই তালেবানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে শুরু করেছে। রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্স সাময়িকীর সম্পাদক ফিওদর লুকিয়ানভ বিবিসিকে বলেন, রাশিয়া আফগানিস্তানে তাদের “দ্বৈত নীতি” অব্যাহত রাখবে।
আফগানিস্তানে চীনের যেমন অর্থনৈতিক অভিলাষ রয়েছে, সেই সঙ্গে চীনের নিরাপত্তার জন্যও আফগানিস্তান গুরুত্বপূর্ণ । আমেরিকা চলে যাওয়ার পর চীনা কোম্পানিগুলোর জন্য আফগানিস্তানের খনিজ সম্পদে হাত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে মাইক্রোচিপ সহ অত্যাধুনিক প্রযুক্তিতে ব্যবহার হয় এমন বিরল রেয়ার আর্থের মজুদ আফগানিস্তানে রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। আমেরিকার বিশেষজ্ঞদের মতে আফগানিস্তানে এক ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে। আফগান সরকার মনে করে, এর পরিমাণ তিন গুণ বেশি।
কিন্তু সেই খনিজ সম্পদ আহরণে পা বাড়াতে চীনের ভেতর এখনও দ্বিধা রয়েছে। চীনা সরকারি মুখপাত্র হিসাবে পরিচিতি গ্লোবাল টাইমস তাদের ২৪শে আগস্টের সংখ্যায় লিখেছে চীন সরকার আফগানিস্তানে রাজনৈতিক এবং নিরাপত্তার বিষয়গুলো নিয়ে এখনও ভাবছে। তাছাড়া, আফগানিস্তানে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা চাপালে সেই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিণতি নিয়েও চীন ভাবছে। তবে চীনের বেসরকারি খাত আফগানিস্তানের বাজার নিয়ে খুবই উৎসাহী। “তারা মনে করছে আফগানিস্তানে বাণিজ্যের হাজারো রকমের সুযোগ রয়েছে,” বলছে গ্লোবাল টাইমস।
কৌশলগত দিক থেকে আফগানিস্তানে আরো ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হওয়ার পেছনে চীনের যুক্তি রয়েছে। সিল্ক রোড নামে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত প্রাচীন যে স্থল বাণিজ্য রুটটি পুনরুদ্ধারে চীন বদ্ধপরিকর, আফগানিস্তান সেই রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এছাড়া ইরান “গত বেশ কয়েক বছর ধরে” তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে, বলেন গবেষক উমের করিম। বিশেষ করে, মি করিম বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর কুদস্ ফোর্স, যারা যুদ্ধের অপ্রচলিত কৌশলে সিদ্ধহস্ত এবং যুক্তরাষ্ট্র যাদেরকে সন্ত্রাসী একটি বাহিনী হিসাবে বিবেচনা করে, তারা তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে।
সূত্রঃ বিবিসি বাংলা

