সকালে আকাশছোঁয়া,বিকেলে হাতের নাগালে!

মৎস্য ডেস্ক:

সকালে ৬০০-৮০০ গ্রাম ওজনের এক কেজি ইলিশ বিক্রি হয়েছে ৯০০-১২০০ টাকায়। একই ইলিশ সন্ধ্যার পর বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। কেউ কেউ মাইকিং করেও ইলিশ বিক্রি করছেন। দাম হাতের নাগালে থাকায় ক্রেতাদের ছিল উপচেপড়া ভিড়।

রোববার (৫ সেপ্টেম্বর) বরগুনা পৌরসভার মাছ বাজার ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। তবে অধিকাংশ ক্রেতার দাবি, পচা মাছ বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা।

মিজানুর রহমান নামে এক ক্রেতা বলেন, বাজারে ৬০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ কিনতে গেলেও কমপক্ষে ১ হাজার বা ১২০০ টাকা লাগে। সেখানে ৩৫০ টাকায় ৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ পাচ্ছি। এটাই তো ভালো। তবে ইলিশের ভেতরে কেমন তা বাসায় যাওয়ার পর বুঝতে পারবো।

ইলিশ কিনতে আসা সাইদুল ইসলাম বলেন, ৩৫০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে দেখছি। মনে হচ্ছে মাছ অনেক দিন আগের। বরফ দেয়া ছিল, তাই কম দামে বিক্রি হচ্ছে। মাছ আমার পছন্দ হয়নি, পচা মনে হচ্ছে, না কিনেই চলে যাচ্ছি। ভালো মানের মাছের দাম এখনো বেশি।১২০০ টাকার ইলিশ ৩৫০ টাকায় বিক্রির কারণ জানতে চাইলে মাছ ব্যবসায়ী আজহার গাজী বলেন, সকালে আমরা চড়া দামে ইলিশ কিনেছি। তাই সকালে বেশি দামে বিক্রি করেছি। সন্ধ্যার পর দাম কিছুটা কম থাকায় কুয়াকাটা থেকে বেশি পরিমাণে ইলিশ আনতে পেরেছি। এ কারণেই আমরা কম দামে বিক্রি করছি।

তিনি আরও বলেন, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের দাম একটু বেশি; তাই কুয়াকাটা থেকে কম দামে ইলিশ কিনে বরগুনার বিভিন্ন ছোট বাজারে মাইকিং করে বিক্রি করছি।

  •  
  •  
  •  
  •