ফিফার সর্বোচ্চ রেটিং মেসির, দ্বিতীয় লেওয়ানডস্কি
স্পোর্টস ডেস্কঃ চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে ফিফা গেমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পেছনে ফেলেছেন নেইমার ও এমবাপ্পেসহ অন্যদেরও।
বিশ্বজুড়ে ফুটবলভক্তদের কাছে জনপ্রিয় ‘ফিফা ভিডিও’ গেম। এমনকি ফুটবলাররাও অবসর সময়ে এই গেম খেলে সময় কাটান। বছরজুড়ে গেমটির নতুন এডিশন বা সংস্করণের জন্য অপেক্ষায় থাকেন সবাই। নতুন সিজন শুরুর আগে গেমটিতে সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়ে থাকে। যথারীতি এ বছরও ফিফার ভিডিও গেমে সর্বোচ্চ রেটিং নিয়ে শীর্ষে আছেন পিএসজির তারকা লিওনেল মেসি।
চলতি বছরে ফুটবলের এই মহাবিস্ময়ের রেটিং ৯৩। এছাড়া দ্বিতীয় অবস্থানে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কি। যার রেটিং ৯২।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন। তালিকায়, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন চতুর্থ এবং পিএসজিতে মেসির সতীর্থ কিলিয়ান এমবাপ্পে পঞ্চম এবং নেইমার ষষ্ঠ অবস্থানে রয়েছেন।
এদিকে, এ বছরের চলতি সেপ্টেম্বর মাস পর্যন্ত বিশ্ব ফুটবলে সেরা পাঁচ গোলমেশিন মেসি, রোনালদো, লিওনডস্কি, হালান্ড, এমবাপ্পে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ক্লাব ও জাতীয় দলের হয়ে। যারা বছরের সর্বোচ্চ গোলদাতার দৌড়েও ভালোমতোই টক্কর দিচ্ছেন একে অপরকে।

