ই-কমার্সে স্বয়ং বাণিজ্যমন্ত্রী প্রতারিত

নিউজ ডেস্কঃ রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান ই-কমার্স সাইট থেকে কোরবানির গরু কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন তিনি। তিনি অনলাইনে গরুর অর্ডার দিয়ে সঠিক গরু পাননি।

কমিশনের সম্মেলন কক্ষে ‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠ প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় টিপু মুনশি বলেন, গত কোরবানি ঈদে একটি ই-কমার্স প্রতিষ্ঠান উদ্বোধনকালে একটি গরুর জন্য এক লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু আমাকে যে গরুটি দেখিয়েছিল, সেটি আমি পাইনি। আমি নিজেই অর্ডার করে প্রতারিত হয়েছিলাম।

তিনি বলেন, কোনোকিছু নতুন করে চালু করলে সমস্যার সৃষ্টি হয়। তার ভুক্তভোগী আমি নিজেই। আমার মতো অনেকেই না বুঝে ই-কমার্সে বিনিয়োগ করেছেন। ভোগান্তির শিকার হয়েছেন।

এসময় তিনি সঠিক আইনের মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মতামত দেন।

  •  
  •  
  •  
  •  

Tags: