দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রিয়াদে ইলেকট্রিকের কাজ করার সময় ক্রেনের ত্রুটির কারণে ৪২ ফুট উপর থেকে পড়ে শেখ ফরিদ আরজু (২০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি নোয়াখালী।
শনিবার (২৫সেপ্টেম্বর) দুপুরে রিয়াদ শহরের আল দোয়াদিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শেখ ফরিদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কোম্পানি বাড়ির মোহাম্মদ আবদুল হালিমের ছেলে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন, চরহাজারী ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের সবুজ।
তিনি বলেন, শেখ ফরিদ আরজু বাবা-মায়ের বড় সন্তান। জীবিকার সন্ধানে গত ২০২০ সালে সৌদি আরবে যায় সে। এলাকায় সে ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

