হল খুলে দেওয়ার দাবিতে ইবি শিক্ষার্থীদের মশাল মিছিল

শিক্ষা ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়। এ সময় ‘সব হয় সব চলে, শিক্ষার্থীরা ধুকে মরে’, ‘সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলা চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী পিয়াস পাণ্ডের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- আলি আরমান রকি, আশিকুর রহমান, রায়হান বাদশা রিপন, আব্দুর রউফ প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রশাসন মনে করে শুধু প্রশাসন ভবন আর ভিসির বাংলো-ই বিশ্ববিদ্যালয়ের সব। শিক্ষার্থীরা মেসে যে করুণ কষ্টে আছে ও নিরাপত্তাহীনতায় ভুগছে সেদিকে তাদের খেয়াল নেই। অন্যান্য বিশ্ববিদ্যালয় যখন হল খোলার সিদ্ধান্ত নিচ্ছে তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝতে পারছে না তারা কী করবে। সেপ্টেম্বরের মধ্যে হল না খুলে দিলে তালা ভেঙে হলে প্রবেশের হুমকি দেন তারা।

  •  
  •  
  •  
  •