বাকৃবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
আসিফ সারোয়ার, বাকৃবিঃ
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী অনুষদের মেডিসিন কনফারেন্স হলে এ সেমিনার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ভেটেরিনারি অনুষদ ।
এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. শ্যামল কুমার পাল।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে জলাতঙ্কের কারণে মৃত্যুর হার শূন্যের কোটায় আনাতে জনসচেতনতা বৃদ্ধি ও টিকা গ্রহণের কোন বিকল্প নেই। তিনি ভেটেরিনারী অনুষদের এ উদ্যোগকে স্বাগত জানান।
ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মকবুল হোসেন মানুষ ও পশুপাখির স্বাস্থ্য সুরক্ষায় উভয় পেশার ডাক্তারদের একত্রে কাজ করার আহবান জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আবু হাদি নূর আলী খান। তিনি জলাতঙ্ক সংক্রমণের কারণ, বিস্তার, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিশদ আলোচনা করেন । তিনি এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও কর্মচারী যারা পশুচিকিৎসার সাথে সম্পর্কিত তাদের নিয়মিত টিকার আওতায় আনার দাবি জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড.মো : আমিনুল ইসলাম, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ,বাকৃবি । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

