ছুরিকাঘাতে আহত হলেন রাবি কর্মচারী
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টরের এক কর্মচারী ছুরিকাঘাতে আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় সুমন (২৫) নামের এক মাদকসেবী তাকে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে। এই ঘটনায় নগরীর মতিহার থানায় সুমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটানায় আহত অনুরাগ কুমার (৩০) বিশ্ববিদ্যালয়ে পরিবহন দপ্তরে ঝাড়ুদার হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতের (রামেক) ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অনুরাগ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়ার মৃত রঞ্জিত কুমারের পুত্র।
আহত অনুরাগের স্ত্রী চাঁদনী সাংবাদিকদের জানান, বুধবার সকালে আমার স্বামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সাইকেলযোগে বাড়ি থেকে বের হয়। পরে সুমন তাকে ছুরিকাঘাত করলে রামেকে ভর্তি করা হয়েছে।
হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে অনুরাগের স্ত্রী আরো বলেন, মাদকদ্রব্য সেবনের জন্য সুমন ঝাড়–দার কোয়ার্টারের আশেপাশে নিয়মিত আসেন। তার সাথে আমাদের কোনো পরিচয় নেই। হামলার কারণ আমরা কেউ জানি না।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, সুমন ও অনুরাগ দুজনেই মাদকসেবী বলে জানা গেছে। মাদকের টাকার লেনদেন নিয়ে পূর্ব শত্রুতা থাকতে পারে। অনুরাগের স্বজনরা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন।

