পীরগঞ্জে জেলে পল্লীতে আগুন, আটক ৪২
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে ঘর-বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৪২ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোজ কুমার। তবে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় একটি সরকারি সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ৬৬টি পরিবার আক্রান্ত হয়েছে। ৭টি টিনের বাড়ি, ৯টি ইটের তৈরি বাড়ি, ৪টি মাটির ঘর, ২টি দোকানসহ প্রায় ২৫টি বাড়ি ও দোকান আগুনে পুড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গতকাল রোববার রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামে বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন দেওয়ার বিষয়ে রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান বলেন, ‘ফেসবুক পোস্টকে কেন্দ্র করে করিমগঞ্জ গ্রামে উত্তেজনা তৈরি হওয়ার খবর পেয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সেখানে ছুটে যাই এবং পরিস্থিতি শান্ত করি। কিন্তু এই সময়ের মধ্যে দুর্বৃত্তরা পীরগঞ্জের কয়েকটি গ্রামের কিছু হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেয়।’

