ভাতের পরিবর্তে অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ কৃষিমন্ত্রীর

নিউজ ডেস্ক: চালের চাহিদা কমাতে মানুষকে ভাত কম খাওয়ার উপদেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেছেন, আমরা দ্বিগুণ ভাত খাই, এটা কমাতে পারলেই সমাধান। যদি ভাতের এই কনজাম্পশন (খাওয়া) কমাতে পারি, তাহলে চালের চাহিদা অনেকটাই কমে যাবে।

রোববার (২৪ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশের ৫০ বছর: কৃষির রূপান্তর ও অর্জন’ শীর্ষক কৃষি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এখন আমাদের বড় চ্যালেঞ্জ সকলের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের যোগান দেওয়া এবং কৃষির আধুনিকায়ন করা। বিশ্বের বিভিন্ন দেশে মানুষ জনপ্রতি প্রায় ২০০ গ্রামের মতো চাল খেয়ে থাকে। কিন্তু আমাদের দেশে চাল খাওয়ার পরিমাণ জনপ্রতি প্রায় ৪০০ গ্রাম।

তাই চালের চাহিদা কমানোর কথা বলে ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, পুষ্টিকর খাবার দুধ, মাছ, মাংস, ডিম, ফলমূল প্রভৃতি খাবার গ্রহণের পরিমাণ বাড়াতে পারলে চালের এ ব্যবহার কমবে। আর চালের ব্যবহার কমিয়ে আনতে পারলে আমাদের যে চালের উৎপাদন সেটাকে টেকসই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: