ভারত পাকিস্তান ম্যাচের মাঝেই নামাজ আদায় করলেন রিজওয়ান
ক্রীড়া ডেস্ক: আইসিসির টুর্নামেন্টেই দেখা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দেশ আরেকবার মুখোমুখি হয়। শারজায় অনুষ্ঠিত হয়ে যাওয়া ম্যাচটি ঘিরে, তাই ভক্ত-সমর্থকদের মধ্যে ছিলো উত্তেজনার পারদ চড়া।
টস জিতে কোহলি বাহিনীকে আগে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে ১৫১ রানের লড়াকু টার্গেট বেঁধে দেয় ভারত। তবে ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য উদ্বোধনী জুটিতে ১৩ বল হাতে রেখেই পেরিয়েছে বাবর আজমের দল।
খেলা চলাকালীন ভারতীয় ইনিংসের ১০ ওভার খেলা হওয়ার পর পানি পানের বিরতি দেয়া হয়। আর সে বিরতিতেই উইকেটের পাশে মাগরিবের নামাজ আদায় করতে দাঁড়িয়ে যায় পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।
দলের বাকি খেলোয়াড়রা যখন বিরতিতে পানি পানে ব্যস্ত, তখন উইকেটের পাশে একমনে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিলেন রিজওয়ান।
মোহাম্মদ রিজওয়ানের নামাজ আদায়ের এই দৃশ্যের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ক্লিপ। অধিকাংশই প্রশংসায় ভাসান রিজওয়ানকে যে, কঠিন মুহূর্তেও আল্লাহকে ভুলে যাননি তিনি।

