আজ থেকে ধরা যাবে ইলিশ
নিউজ ডেস্ক: ২২ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে ধরা যাবে ইলিশ।
এর আগে ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার।
মূলত ইলিশ সারা বছরই ডিম ছাড়ে। তবে সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের চারটি অমাবস্যা-পূর্ণিমায় ডিম ছাড়ে বেশি। তাই অক্টোবরের মাস অর্থাৎ, বাংলা মাস আশ্বিনের দুটি অমাবস্যা-পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতি বছর ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এই সময় মা ইলিশ রক্ষা করতে ইলিশ ধরা থেকে বিরত থাকাতে বলা হয়। যাতে ইলিশগুলো নিরাপদে নদীতে এসে ডিম ছাড়তে পারে। এই ডিম রক্ষা করতে পারলে তা থেকে জাটকার জন্ম হবে। সেই জাটকা রক্ষা করা গেলে দেশে বড় আকারের ইলিশের উৎপাদন বাড়বে।
এই ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবার জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। দুই ধাপের এই নিষেধাজ্ঞার কারণে দেশে ইলিশ উৎপাদন বেড়েছে, ওজন-আকারও বেড়েছে ইলিশের।

