ফেসবুকের গোপন তথ্য ফাঁস করলেন সাবেক কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকে সহিংসতা উস্কে দেওয়ার বিস্ফোরক তথ্য ফাঁস করলেন প্রতিষ্ঠানটিরই সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাওগেন। ব্রিটিশ পার্লামেন্টে উপস্থিত হয়ে সোমবার আইনপ্রণেতাদের কাছে সাক্ষ্য দেন তিনি।
বর্ণবিদ্বেষ, সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেয়া কিংবা রাজনৈতিক ফায়দা নিতে ঢাল হিসেবে ফেসবুককে ব্যবহারের অভিযোগ বেশ পুরানো। বিভিন্ন দেশের সরকারের সমালোচনার মধ্যেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সোমবার ব্রিটিশ পার্লামেন্টে সাক্ষ্য দেন হাওগেন। ফেসবুক কীভাবে সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে তা তুলে ধরেন তিনি। এ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রমাণ দেন ফেসবুকের সাবেক এই ডাটা সায়েন্টিস্ট।
হাওগেন বলেন, ফেসবুক বিশ্বজুড়ে আরও সহিংসতা ও অস্থিরতা সৃষ্টি করবে, কেননা এর অ্যালগরিদমগুলো সেভাবেই সাজানো হয়েছে।
ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাওগেন বলেন, ফেসবুক যতগুলো সহিংসতা ও বিদ্বেষমূলক পোস্ট মুছে দেয়, তার অধিকাংশই ডাটা এনালাইসিসের মাধ্যমে রোবট করে থাকে। কিংবা যেগুলো মানুষ কেবল রিপোর্ট করে সেগুলোকে নিয়েই কাজ করে ফেসবুক। তবে বিদ্বেষমূলক সব পোস্ট আদৌ প্রত্যাহার করা হয় না। একশ’ ভাগের মধ্যে মাত্র তিন থেকে চার শতাংশ বিদ্বেষমূলক পোস্ট সরিয়ে নেয়া হয়। বাকি সবই থেকে যায়।

