যুক্তরাষ্ট্রে চায়না টেলিকমের লাইসেন্স বাতিল
নিউজ ডেস্ক :
চীনের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ কম্পানি চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলেছেন, দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে চায়না টেলিকমকে।
আল-জাজিরার ওই প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, চায়না টেলিকমের ওপর চীন সরকারের নিয়ন্ত্রণের কারণে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থায় তাদের প্রবেশ, তথ্য মজুদ করা, বিঘ্ন তৈরি করা বা ভুলভাবে কার্যক্রম চালানোর শঙ্কা থেকে যাচ্ছে।
সে কারণে চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি বা অন্য ক্ষতিকারক কর্মকাণ্ড চালানোর সুযোগ পেতে পারে বলে শঙ্কা রয়েছে। জাতীয় নিরাপত্তার কথা জানিয়ে এটি করেছে তারা।চায়না টেলিকম যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে হতাশাজনক বলে উল্লেখ করেছে।
চায়না টেলিকম এক বিবৃতিতে জানিয়েছে, গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য আমরা সম্ভাব্য সব বিকল্প অনুসরণের পরিকল্পনা করছি।
সূত্র: আল-জাজিরা

