উপাচার্যের আশ্বাসে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
নিউজ ডেস্ক :
বিভিন্ন ফি কমানোর দাবিতে টানা তিনদিন আন্দোলনের পর উপাচার্য ড. এ কিউ এম মাহবুবের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার(২৭ অক্টোবর), সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।ফি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আজ শুক্রবার বিকেল ৪টায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুব প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হন।
এ সময় উপাচার্যের সাথে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন অনুষদের ডিন ড. রাজিউর রহমান, হল প্রভোস্ট কমিটির সভাপতি এবং বাণিজ্য অনুষদের ডিন মো. রোকনুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. সালেহ আহমেদ, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোজাহার আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।
আলোচনাসভায় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,”এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে বাজেট দেয় তা অত্যন্ত কম। শিক্ষকদের বেতনের বাইরে প্রায় সম্পূর্ণ খরচ শিক্ষার্থীদের বহন করতে হয়। আমরা ইউজিসির সাথে বিষয়গুলো নিয়ে কথা বলব। অন্যান্য বিশ্ববিদ্যালয়কে তারা যদি পর্যাপ্ত বাজেট দিতে পারে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়েও তারা দিতে বাধ্য। আমি সর্বোচ্চ চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ে ইউজিসির বরাদ্দ বাড়াতে এবং শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এসকল ফি কমাতে।”
ভর্তি এবং রেজিস্ট্রেশনের বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা আপাতত ভর্তি কিংবা রেজিস্ট্রেশন ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ইউজিসির সাথে আলোচনা শেষে সকল সমস্যার সমাধান হলে শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিয়ে ভর্তি ও রেজিস্ট্রেশন নোটিশ প্রকাশ করা হবে।
আন্দোলনরত রসায়ন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা বলেন, “মাননীয় উপাচার্য স্যারের কথায় আমরা সন্তুষ্ট এবং একমত পোষণ করছি। এখন আমরা স্যারের কাছ থেকে লিখিত জবাব চাই এবং আজ থেকে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করলাম।”

