পুলিশ লাইনের নিয়োগ পরীক্ষা দিতে এসে বিদ্যুৎস্পর্শে মৃত্যু!

নিউজ ডেস্ক :

আজ শুক্রবার(২৯ অক্টোবর) সকাল ১১টায়,গাজীপুরে নিয়োগ পরীক্ষা দিতে এসে পুলিশ লাইনের ভিতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কনস্টেবল প্রার্থীর মৃত্যু হয়েছে।

নিহত ফাহিম চৌধুরী (২০) আসন্ন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার খাইলকুর এলাকার কৃষক মো. ইসমাইল হোসেন চৌধুরীর ছেলে। দুই ভাইবোনের মধ্যে তিনি ছোট ছিলেন।

জানা গেছে, আজ শুক্রবার ছিল গাজীপুর জেলার পুলিশ কনস্টেবল প্রার্থীদের প্রাথমিক বাছাই পরীক্ষা। ওই পরীক্ষায় অংশ নিতে ফাহিম চৌধুরী সকাল ৮টার দিকে গাজীপুর পুলিশ লাইনে উপস্থিত হন। শারীরিক মাপঝোক ও বাছাই চলাকালে বেলা ১১টার দিকে পুলিশ লাইনের মাঠের বেতার যন্ত্রের টাওয়ারের নিচের কক্ষের ছায়ায় বিশ্রাম নিতে যান ফাহিমসহ আরো ৪-৫‌ জন চাকরি প্রার্থী। ফাহিম ওই কক্ষের এসির এঙ্গেলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

সঙ্গে থাকা চাকুরি প্রার্থীরা দেখতে পেয়ে বাঁশ দিয়ে আঘাত করে ছাড়িয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিএমপি’র সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান,” ফাহিমের ডান হাতে পোড়া দাগ ছিল। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।”

ময়নাতদন্তকারী ডাক্তারের বরাত দিয়ে তিনি আরো বলেন, “ময়নাতদন্তে চিকিৎসক ফাহিমের হৃদপিন্ড অস্বাভাবিক বড় দেখতে পেয়েছেন। তাই ভিসেরা পরীক্ষার জন্য তার হৃদপিন্ড ঢাকায় পাঠানো হয়েছে।”

  •  
  •  
  •  
  •