ভিন্ন ছায়াপথে নতুন গ্রহ আবিষ্কারের পথে জ্যোতির্বিজ্ঞানীরা
সাবরিন জাহান
মহাকাশের বুকে লুকায়িত রহস্য সম্বন্ধে জানার আগ্রহ মানুষের চিরন্তন। আর বিভিন্ন গ্রহ নক্ষত্রের সন্ধানের তোড়জোড় বিজ্ঞানীদের নতুন কিছু নয়। এবার সেই সন্ধানেই বড়সড় সাফল্য আসতে চলেছে।
আমাদের অতি পরিচিত মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাসা এর ‘চান্দ্রা এক্স-রে টেলিস্কোপ’এর সহায়তায় গ্রহটি আবিস্কার করা সম্ভব হয়েছে বলে জানান তারা।
সৌরজগতের বাইরে অন্যান্য নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত গ্রহসমূহকে বলা হয় এক্সোপ্ল্যানেট। নবীন এই এক্সোপ্ল্যানেট প্রার্থীটি সর্পিল গ্যালাক্সি মেসিয়ার ফিফটিওয়ান (M51) এ অবস্থিত। ছায়াপথটির স্বতন্ত্র সর্পিলাকার আদলের কারণে এটিকে ‘ওয়্যারপুল’ গ্যালাক্সি ও বলা হয়।
এখনও পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা নতুন যেসব গ্রহের আবিষ্কার করেছেন তা সবাই মিল্কিওয়ে গ্যালাক্সির সদস্য। তবে নতুন গ্রহটির অবস্থান ভিন্ন ছায়াপথে যার দূরত্ব প্রায় ২৮ মিলিয়ন আলোকবর্ষ, যার অর্থ এটি মিল্কিওয়ের চেয়ে হাজার গুণ বেশি দূরে হবে।
হাভার্ড এর সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের রোজান ডি স্টেফানো বলেছেন, ” এক্স-রে তরঙ্গদৈর্ঘ্যে বিশ্লেষণ করে নতুন গ্রহের অনুসন্ধানের মাধ্যমে আমরা অন্য বিশ্বের সন্ধানে একটি সম্পূর্ণ নতুন ক্ষেত্র খোলার চেষ্টা করছি,”
টেলিস্কোপ ব্যবহার করে প্রাপ্ত কৌতুহলজনক এই ফলাফলটি অনুসন্ধানের নতুন দিগন্ত উন্মোচিত করেছে যার ফলে আগের চেয়ে অধিক দূরত্বে বিভিন্ন এক্সোপ্ল্যানেট এখন আবিষ্কার করা আর কল্পনা নয়।
জ্যোতির্বিজ্ঞানীদের দেয়া তথ্য থেকে জানা যায়, সম্ভাব্য এই গ্রহটির আকার হবে অনেকটা শনি গ্রহের মতো। যে ব্ল্যাক হোল ঘিরে এটি আবর্তিত হচ্ছে, তার সঙ্গে দূরত্ব সূর্য থেকে শনির দূরত্বের প্রায় দ্বিগুণ। তবে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে আরও তথ্য-প্রমাণ দরকার বলে জানিয়েছেন গবেষকরা।
সূত্রঃসায়েন্স ডেইলি ডট কম।

