আফগানদের ভারত বধের স্বপ্ন সত্যি হবে এবার?

স্পোর্টস ডেস্ক:

টানা দুই হারে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খাঁদের কিনারায় দাঁড়িয়ে আছে ভারত। এ পরিস্থিতিতে সেমিফাইনালে উঠতে গেলে পরের সব ম্যাচে জয়ের পাশাপাশি বিরাট কোহলির দলকে চেয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-আফগানিস্তানের দিকেও।

বুধবার (৩ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে ভারত। রাত ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে রশিদ-নবিদের বিপক্ষে লড়বেন কোহলি-রোহিতরা।

ভারত জয়হীন থাকলেও, আফগানিস্তান প্রথম তিন ম্যাচের মধ্যে জিতেছে দুটিতে। হার কেবল পাকিস্তানের সঙ্গে। সেও হাতের মুঠোয় থেকে ফসকে গেছে আর কী! ভারতকেও আজ তাই কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে আফগানরা। বিশেষ করে, দলটির স্পিন বিভাগের সামনে ভারতের ছন্দহীন ব্যাটিং লাইনআপ টিকতে পারে কি-না, সেটাই এখন বড় প্রশ্ন।

রশিদ খান-মুজিব উর রহমানরা হয়ে উঠেছেন প্রতিপক্ষের জন্য ত্রাস। পাকিস্তানের ব্যাটাররা পর্যন্ত এই দুই স্পিনারের সামনে রান তুলতে খাবি খেয়েছেন। কোহলিদেরও আজ তাই বড় পরীক্ষা দিতে হবে। তবে এই পরীক্ষায় যদি তারা ফেল করেন, তবে বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে যাওয়া অলৌকিকভাবেও ঠেকানো সম্ভব হবে না!

আফগানিস্তানের ব্যাটিং নিয়েও তো বাড়তি ভাবনায় থাকার কথা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। চলতি বিশ্বকাপে দুই ম্যাচে প্রতিপক্ষের মাত্র দুটি উইকেট তুলে নিতে পেরেছেন ভারতীয় বোলাররা। তাদের চিন্তার কারণ, জাজাই-শাহজাদ-গুরবাজরা। কেননা নিজেদের দিনে এই তিন ব্যাটাররের যেকোনো একজনই যথেষ্ট প্রতিপক্ষের বোলিং লাইনআপ উড়িয়ে দেয়ার জন্য।

  •  
  •  
  •  
  •