অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন মাহমুদুল্লাহ
স্পোর্টস ডেস্ক:
২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। এডিলেইডে সেই ম্যাচের পর এক ইংলিশ সাংবাদিক তাদের অধিনায়ক ইয়ন মরগ্যানকে সরাসরিই প্রশ্ন করেছিলেন, আপনি পদত্যাগ করছেন কবে?
এবার প্রায় অর্ধযুগ পর সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সামনেও রাখা হয় কাছাকাছি ধরনের প্রশ্ন। তবে সরাসরি পদত্যাগের কথা না বলে, জিজ্ঞেস করা হয়েছিল, এমন ভরাডুবির পর অধিনায়কত্ব ছাড়ার ভাবনা রয়েছে কি না মাহমুদউল্লাহর।
শুধু অধিনায়কত্ব ছাড়া নয়, বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলার পর টাইগার অধিনায়কের সংবাদ সম্মেলনে প্রসঙ্গ আসে টি-টোয়েন্টি থেকে অবসরের ব্যাপারেও। দুটি বিষয়ই নাকচ করে দিয়েছেন মাহমুদউল্লাহ। তিনি জানিয়েছেন, এখনই এমন কোনো ভাবনা নেই।
চলতি বছর জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে ক্যারিয়ার সেরা ১৫০ রান করার পর সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মাহমুদউল্লাহ। এবার বিশ্বকাপে ভরাডুবির পরও এমন কোনো ভাবনা রয়েছে কি না জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘না! এই মুহূর্তে আমি ওরকম (অবসর) কিছু চিন্তা করছি না।’
এর আগে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে সরাসরি উত্তর দেননি মাহমুদউল্লাহ। বরং পুরো বিষয়টিই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে ছেড়ে দিয়েছেন তিনি। তবে তিনি এটিও স্বীকার করেছেন, হয়তো অধিনায়কত্বের ঘাটতির কারণে বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ।
মাহমুদউল্লাহ বলেছেন, ‘এটা তো আমার হাতে নেই। এ সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ডেরই আসবে। আমার তরফ থেকে আমি সবসময়ই চেষ্টা করেছি দলটাকে আগলে রেখে, সবার কাছ থেকে পারফরম্যান্স আদায় করার জন্য। হয়তো আমাদের অধিনায়কত্বে ঘাটতি ছিল। এ বিষয়টি (অধিনায়কত্ব) আমি ক্রিকেট বোর্ডের হাতেই ছেড়ে দেবো। এখানে আমার মন্তব্য করার কিছু নেই।

