জানুয়ারীতে নিউজিল্যান্ড সফরে যাবে টিম টাইগার্স

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ থেকে বাজে পারফরম্যান্স করে ফিরে আসার পর বসে থাকার সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে সিরিজ খেলতে পৌঁছে যাবে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ শেষ করার পরই টাইগারদের প্রস্তুতি নিতে হবে নিউজিল্যান্ড সফরের জন্য।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জানুয়ারির শুরুর দিকেই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। অর্থ্যাৎ, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জানুয়ারিতেই নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করার পরই কিউইরা দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানাবে এবং তাদের বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। কোভিড-১৯ সংক্রান্ত কোয়ারেন্টাইন নিয়ম-নীতির কারণে আগে থেকেই একই সঙ্গে দুটি সিরিজের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

জানুয়ারির শুরুতেই মাউন্ট মঙ্গানুই এবং ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হ্যাগলি ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করবে তারা। দ্বিতীয় টেস্ট খেলবে ওয়েলিংটনে।

  •  
  •  
  •  
  •