শুরু হল এসএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক:

করোনা মহামারির প্রকোপ কমিয়ে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মধ্যেই সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়।

ভিন্ন পরিস্থিতিতে এই পরীক্ষাও হচ্ছে ভিন্নভাবে। এবার সব বিষয়ের পরীক্ষা হচ্ছে না। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে এই পরীক্ষা হচ্ছে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হবে না। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘ম্যাপিং’ করে নম্বর দেওয়া হবে।

এক পরীক্ষার্থী বলে, “পরীক্ষা দিতে পেরে ভালো লাগছে। পরীক্ষা না হলে সেটা ভালো হতো না। কারণ, ‘অটোপাসকে’ ভালোভাবে বিবেচনায় নেওয়া হয় না।”

আরো এক পরীক্ষার্থী বলে,”এত সহজ প্রশ্ন আগে কখনো হয়নি।”

শিক্ষামন্ত্রী দীপু মনি সকালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় করার প্রসঙ্গে টেনে বলেন, “সব জায়গায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সব ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সমস্যা একটু যেখানে হচ্ছে, তা হলো বাইরে অভিভাবকেরা ভিড় করেছেন। তাঁরা হয়তো স্বাস্থ্যবিধি সেভাবে মানছেন না। তাই আবার অভিভাবকদের প্রতি অনুরোধ, তাঁরা যেন বাইরে ভিড় না করেন।”

শিক্ষামন্ত্রী আরোও বলেন, “পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কিন্তু গুজব ছড়ানোর অপচেষ্টা বরাবরের মতো আছে, থাকবে। কেউ যেন গুজবে কোনোভাবেই কান না দেন। যারা গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য যে,এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং এসএসসি (ভোকেশনাল) এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। দেশের বাইরের আটটি কেন্দ্রে ৪২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর। শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। করোনা মহামারি পরিস্থিতিতে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিয়ে এবার বাড়তি প্রস্তুতি নিয়েছে কেন্দ্রগুলো। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের জন্য পরীক্ষার আগে ও চলাকালে করণীয় নিয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •