সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার; পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুই দেশের সরকার প্রধানের মধ্যে মারাত্মক অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত হলেও তা প্রতিপালন না করা দুঃখজনক বলেও মন্তব্য করেন মন্ত্রী।

ঢাকায় অনুষ্ঠিতব্য আইওআরএ বৈঠক নিয়ে রোববার (১৪ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এদিন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে ভারতের রাষ্ট্রপতি আসার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার। আর বাংলাদেশের জন্য দুঃখজনক। আমরা সীমান্তে কোনো হত্যা দেখতে চাই না। দুই দেশই সীমান্তে লিথ্যল উইপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার না করতে সম্মত হয়েছে। তার পরও সীমান্ত হত্যা, আমাদের জন্য দুঃখের, আর ভারতের জন্য লজ্জার।

২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছে কমপক্ষে ১২শ ৩৩ জন বাংলাদেশি নাগরিক। গত দুই যুগে নানাভাবে চেষ্টা করা হলেও মেলেনি সংকটের সমাধান। দফায় দফায় বৈঠক আর প্রতিশ্রুতির ফুলঝুরির পর এবছরও অব্যাহত রয়েছে সীমান্তে বিএসএফ-এর হত্যাযজ্ঞ।

  •  
  •  
  •  
  •