চারদিন পর খোঁজ মিলল ঢাবি শিক্ষার্থীর
নিউজ ডেস্ক:
চারদিন ধরে নিখোঁজ থাকার পর আজ সোমবার (২২ নভেম্বর) সকালে টাঙ্গাইলের কারাগারে ঢাকা বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থী হামিদ শিকদার হিমেলের খোঁজ পেয়েছে তার পরিবার। বদলি পরীক্ষা দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের জন্য কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে।
গত শুক্রবার (১৯ নভেম্বর) সকালে টাঙ্গাইলে উপ-খাদ্য পরিদর্শক পদে বদলি পরীক্ষা ( প্রক্সি ) দিতে গিয়ে গ্রেপ্তার হয় হিমেল। টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আতাউর রাব্বি বলেন, “বদলি পরীক্ষা দিতে যাওয়া হিমেল শিকদার হিমেলের কাছে ডিজিটাল ডিভাইস পাওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”
উল্লেখ্য যে, ঢাবির রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হিমেল শুক্রবার হল থেকে টাঙ্গাইলের সখীপুরে তার গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে বের হলেও সে বাড়ি যায়নি। পরে হিমেলের সন্ধান না পেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন তার চাচাতো ভাই ঢাবির শিক্ষার্থী মাহফুজ তালুকদার।
ঘটনার পর ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয়েছে হিমেলকে।

