আফগানদের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে সুপার টেন পর্বে প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছিল আফগানিস্তান। বিপরীতে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। একটি টেবিল পয়েন্টের শীর্ষ দল। অন্যটি সবার নিচে। ক্যারিবীয়দের কাছে ম্যাচটি নিয়মরক্ষার হলেও আফগানদের লক্ষ্য ছিল সান্ত্বনা খুঁজে পাওয়া। সেই সান্ত্বনা তারা ঠিকই খুঁজে পেল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিল আফগানরা।
রোববার নাগপুরের বিদর্ভ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। নাজিবুল্লাহ জাদরানের অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে দলটি। ওয়েস্ট ইন্ডিজের কাছে এটি সহজ লক্ষ্যই ছিল। কিন্তু আফগানদের বোলিং জাদুতে এই স্কোরও করতে পারলেন না ড্যারেন সামিরা। ৮ উইকেটে ১১৭ রান করতেই তাদের ইনিংস গুটিয়ে যায়। ফলে ৬ রানে ম্যাচটি জিতে নিল আসগর স্টানিকজাইরা।
জবাবে ব্যাট করতে নেমে ১৭ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৭ বল খেলে রানের খাতা না খুলেই মাঠ থেকে বিদায় নেন লিউইস। ওপেনার চার্লস ২২ রান করে বিদায় নেন। ৩৩ রানে দুই উইকেট হারানোর পর ক্যারিবীয়দের সময়টা খারাপ হতে শুরু করে। ফ্লেচার চোট নিয়ে মাঠ থেকে বিদায় নেন। ক্রিজে এসে সাজঘরে ফিরে যান স্যামুয়েলস।
রামদিন ও ব্রাভো দলের হাল ধরেন। তাদের জুটি থেকে আসে ৪১ রান। ২৮ রান করে ব্রাভো বিদায় নিলে আবার ভাঙন শুরু হয়। দলের রানের খাতায় আর মাত্র ১০ রান যোগ হতে বিদায় নেন রামদিন (১৮)। এরপর আর কেউই দলের হাল ধরতে পারেননি। শেষ দিকে ব্রাথওয়েটের ৮ বলে ১৩ রানই দুই অঙ্কের ঘরের স্কোর।
আফগানিস্তানের বোলার মোহাম্মদ নবী ও রশীদ খান দুটি করে উইকেট পান।
এর আগে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। আসগর স্টানিকজাই ও ওপেনার মোহাম্মদ শাহজাদ কিছুটা ভরসা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু ২২ রান করে শাহজাদ ও ১৬ রানে আসগর বিদায় নেন। বাকিরা মাঠে আসা যাওয়া করতে থাকেন।
শেষ দিকে নাজিবুল্লাহ জাদরান দলের হাল ধরেন। ৪০ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এ তিন জন বাদে কেউই দুই অঙ্কের ঘরের স্কোর করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার বদ্রি তিনটি উইকেট শিকার করেন। দুটি উইকেট পান আন্দ্রে রাসেল।

