সিটি সার্ভিসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক:

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার পর চট্টগ্রামসহ দেশের সব শহরে সিটি সার্ভিসে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ মালিক সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাসমালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

রোববার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন। ১১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ জানান, “দেশের মেট্রোপলিটন শহরসহ অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেওয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না।”

সব মেট্রোপলিটন ও জেলা শহরে যেখানেই ‘সিটি সার্ভিস’ সেখানেই বাসে হাফ ভাড়া নেওয়ার ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করে দিয়েছেন সমিতির নেতারা।

শর্তগুলো হচ্ছে— সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ধেক ভাড়া নেওয়া হবে। ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ ছবিসহ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সরকারি ছুটির দিন, শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। উপজেলা বা দূরপাল্লার রুটে এ নিয়ম চলবে না।

আজকের সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি কফিল উদ্দিন আহমেদ, পরিবহননেতা বেলায়েত হোসেন, মৃণাল চৌধুরী, মো. মুছা প্রমুখ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •