নানা কর্মসূচির মধ্য দিয়ে বাকৃবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

নিউজ ডেস্ক:

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পালিত হয়েছে ৫০ তম মহান বিজয় দিবস । বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের হল, একাডেমিক ও আবাসিক ভবন গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকাল ৭ টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শিশু কিশোরদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত প্যারেডবৃন্দের সালাম গ্রহণ করেন।

এরপর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’ এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর সকাল ১১ টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের কর্মরত মুক্তিযুদ্ধ ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ও জিমনেশিয়ামে খেলাধুলার আয়োজন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ দোয়া করা হয়।

  •  
  •  
  •  
  •