চতুর্থ ধাপের ইউপি ভোটগ্রহণ শুরু
নিউজ ডেস্ক:
চতুর্থ ধাপে দেশের ৫৮ জেলার ১১৮ উপজেলার ৮৩৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় এসব ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
ইতোমধ্যে চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯৫ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত মহিলা মেম্বার ১১২ এবং ১৩৫ জন সাধারণ মেম্বার। এ ধাপের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৯ হাজার ২২৪টি, ভোটকক্ষ ৪৯ হাজার ৮৩২টি। নির্বাচনে এক কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে চতুর্থ ধাপের ইউপি ভোট নিয়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার কেন্দ্রে কেন্দ্রে ব্যালটসহ ভোটসামগ্রী পৌঁছে গেছে। প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
গতকাল ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, আজ ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৫৮ জেলার ১১৮টি উপজেলায় ৮৩৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্র প্রতি মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার ও অঙ্গীভূত আনসারের ২২ জনের ফোর্স।
এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ১টি করে টিম প্রতি ইউপিতে মোবাইল ফোর্স হিসেবে এবং প্রতি তিনটি ইউপির জন্য ১টি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে।
এপর্যন্ত তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষ করেছে ইসি। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ৫ জানুয়ারি এবং ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

