ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ ১২
নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান।
তিনি বলেন, সকালে খেয়াঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল ট্রলারটি। সকাল সাড়ে ৮টার দিকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর মোহনার কাছে ঘন কুয়াশার মধ্যে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ এমভি সোবহানের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়।
তিনি আরো বলেন, ট্রলারে থাকা যাত্রীদের অনেকে আশপাশের নৌযানের সহায়তায় এবং সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কিন্তু ১২ জনের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্বজনরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের ছয় জন ডুবুরি সেখানে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি নৌবাহিনী ও পুলিশ সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নদীর ঘাটে বলেন, ঘন কুয়াশার কারণেই লঞ্চ আর ট্রলারের সংঘর্ষ হয়েছে, কেউ কাউকে দেখতে পায়নি।
তিনি জানান, দুর্ঘটনার পর ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের উদ্ধারের জন্য লঞ্চ থেকে লাইফবয় ফেলা হলেও ঘন কুয়াশার কারণে সেগুলো দেখতে পাননি পানিতে থাকা যাত্রীরা। নিখোঁজের স্বজনরা এখন নদী তীরে ভিড় করেছেন।

