জানুয়ারি মাসের শেষে ঘোষণা হতে পারে সিনহা হত্যা মামলার রায়

নিউজ ডেস্ক: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে এ যুক্তি-তর্ক শুরু হয়। যুক্তি-তর্ক চলবে আগামীকাল ১২ জানুয়ারি পর্যন্ত।

মামলার যুক্তি-তর্ক উপস্থাপনকে ঘিরে সকাল সাড়ে ৯ টার দিকের মামলায় অভিযুক্ত ১৫ আসামি কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

গত ২০২১ সালের ৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয় আসামিদের আত্মপক্ষ সমর্থন করে দেওয়া সাফাই সাক্ষ্য। ওইদিনই বিচারক ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি টানা চার দিন যুক্তিতর্কের দিন ধার্য করেন।

সিনহা হত্যার মামলায় অভিযোগপত্রের তালিকায় নাম থাকা ৮৩ জন সাক্ষীর মধ্যে মোট ৬৫ জন সাক্ষ্য প্রদান করেছেন। চলতি মাসের শেষের দিকে মামলার রায় আশা করছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফরিদুল আলম।

তিনি বলেন, মঙ্গলবার শুরুতে আসামি লিয়াকতের আইনজীবী অসমাপ্ত যুক্তি-তর্ক শুরু করবেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করবেন বরখাস্ত ওসি প্রদীপের আইনজীবী। এরপর রাষ্ট্রপক্ষে আমরা (রাষ্ট্রপক্ষের আইনজীবী) তাদের যুক্তি খণ্ডন করব। এ মাসের শেষের দিকে আমরা মামলার রায় আশা করতে পারি।

  •  
  •  
  •  
  •