হঠাৎ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

নিউজ ডেস্ক:

চলমান পরীক্ষা হঠাৎ করেই স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে রাস্তায় অবস্থান করে অবরোধ শুরু করেন পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজই তাদের শেষ পরীক্ষা ছিল। তাদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, পরীক্ষা স্থগিত হওয়ার কারণে তারা রাস্তায় এসে অবস্থান করছে। বর্তমানে নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছি। তাদের দাবি  আজ তাদের শেষ পরীক্ষাটি নিয়ে নেওয়ার জন্য, এটাতো বিশ্ববিদ্যালয়ের বিষয়। আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক   ড. আবদুল কুদ্দুস সিকদার জানয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন মৌখিকভাবে পরীক্ষা বন্ধ করা হয়েছে, কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি এমন আচরণ আমরাও প্রত্যাশা করি না।

দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে তাছাড়া আজ তাদের শেষ পরীক্ষা ছিল। বিষয়টি নিয়ে সাত কলেজের সমন্বয়কের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •